চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ জুন) এক শোকবার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের রূহের মগফেরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মণ্ডল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
উল্লেখ্য, মঈনুদ্দীন মণ্ডল কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনার মোড়ের জেলা আদর্শ স্কুল প্রাঙ্গণে জানাজা শেষে রামকৃষ্টপুর মৃধাপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মঈনুদ্দীন মুক্তিযুদ্ধের সময় অন্যতম সংগঠক ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে।